সোনারপুরের পার্টি অফিস উদ্বোধনে বিজেপির আদি বনাম নব্য সংঘর্ষ - The News Lion

সোনারপুরের পার্টি অফিস উদ্বোধনে বিজেপির আদি বনাম নব্য সংঘর্ষ

 


দি নিউজ লায়নঃ    চেয়ারে বসে খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রয়েছেন জেলার তাবড় বিজেপি নেতৃত্ব। আর তাদের সামনে একেবারে প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আদি এবং নব্য বিজেপি কর্মীরা। কিল চড় ঘুষি কিছুই বাদ পরল না। সোনারপুরে নতুন দলীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়।


 এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার আক্রমণকারী গোষ্ঠীর এক নেতা সহ মোট ১১ জনের নামে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত গোষ্ঠীর কর্মীরা। হাতাহাতি শুরু হতেই কার্যালয়ের ভিতরে ঢুকে যান দিলীপবাবু। তারপরই দুই গোষ্ঠীর মারপিট তীব্র আকার নেয়। এই ঘটনায় স্বভাবতই বেশ অস্বস্তিতে পড়তে হয় বিজেপি নেতৃত্বকে। যাঁদের বিরুদ্ধে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দিলীপবাবু। 


ঘটনাস্থলে থাকা সোনারপুর দক্ষিণের বিস্তাররক পার্থ গোস্বামী বলেন, পূর্বপরিকল্পিতভাবে দু’ নম্বর মণ্ডলের এক নেতা কিছু সমাজবিরোধীদের নিয়ে এখানে এসে হামলা করেছেন। প্রকৃত দলীয় নেতা-কর্মীদের উপর ক্ষমতা কায়েম করার জন্য এসব করা হচ্ছে। 

তবে বিজেপি’র কোন্দল এই প্রথম নয়। কয়েক মাস আগে বারুইপুরে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই মারপিট হয় দুই গোষ্ঠীর। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। মন্দিরবাজারেও একটি সভায় দুই গোষ্ঠীর মারপিট হয় কিছুদিন আগে। এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বক্তব্য, নিজেদের মধ্যে মারামারি করেই শেষ হয়ে যাবে বিজেপি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.